রৌমারীতে ডিলার পয়েন্ট থেকে সার লুটের অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সার সংগ্রহ করতে এসে একটি ডিলার পয়েন্টে ও গোডাউন থেকে শতাধিক বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, এটি সার লুটের ঘটনা নয়; কৃষক নন এমন লোকজন সার নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের সার ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার কৃষকেরা সার সংগ্রহের জন্য গভীর রাত থেকে ডিলার পয়েন্টের সামনে জড়ো হতে থাকেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলারের দেখা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের গোডাউনের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সারের বস্তা নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের সার ডিলার মো. মতিয়ার রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ শুরু করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসনের সহযোগিতা নিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। এরই মধ্যে ধৈর্যহারা কৃষকেরা গোডাউন থেকে আনুমানিক শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যান। ঠিক কত বস্তা সার নেওয়া হয়েছে, তা দিনশেষে হিসাব করে জানা যাবে।
তবে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকেরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে কোনো সমস্যা হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল থেকে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে। এতে সার নিয়ে ছড়ানো গুজবও দূর হবে বলে আশা করা হচ্ছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, তিনি নিজেই বিভিন্ন সার ডিলার পয়েন্টে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন। একটি সার বিক্রয়কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. রাসেল কবির বলেন, “সার লুটের কোনো ঘটনা ঘটেনি।” তার দাবি, অনেক ভ্যানচালক, রিকশাচালক ও কৃষক নন—এমন লোকজন সার নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা সার সংগ্রহ করে বেশি দামে বিক্রির পাঁয়তারা করছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় ডিলারপয়েন্টে সার বিতরণ ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
