ক্ষেতলালে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২ মাসের কারাদণ্ড
জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল সেবন ও মাতলামির অপরাধে সোবহান মন্ডল নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ক্ষেতলাল পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
দণ্ডপ্রাপ্ত সোবহান মন্ডল ক্ষেতলাল পৌরসভার তিলাবদুল সাখিদারপাড়া মহল্লার বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, সোবহান মন্ডল জনসম্মুখে প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
পরে তিনি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
