বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটে—পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। তিনি ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক এবং এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে জন্মগ্রহণকারী অধ্যাপক রফিকুল ইসলাম সরদার ১৯৮৭ সালে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে বিএসসি ইন ফিশারিজ (অনার্স) এবং ১৯৮৮ সালে এমএসসি ইন ফিশারিজ বায়োলজি অ্যান্ড লিমনোলজি ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ১৯৯৮ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে জাপান ও জার্মানিতে পোস্টডক্টরাল গবেষণা করেন।
১৯৯১ সালে বাকৃবিতে প্রভাষক হিসেবে যোগ দিয়ে তার শিক্ষকতা জীবন শুরু হয়। ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
দীর্ঘ কর্মজীবনে তিনি মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন, ডিন কাউন্সিলের আহ্বায়ক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রধান, ফিশ মিউজিয়াম অ্যান্ড জার্মপ্লাজম সেন্টারের পরিচালক এবং ফজলুল হক হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি বাকৃবি শিক্ষক সমিতির (BAUTA) সভাপতির দায়িত্ব পালন করছেন।
গবেষণাক্ষেত্রে মাছের প্রজনন, মলিকুলার জেনেটিক্স ও বায়োটেকনোলজিতে তার বিশেষ দক্ষতা রয়েছে। তার তত্ত্বাবধানে ৩৫ জনের বেশি এমএস ও আটজন পিএইচডি শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অর্থায়নে ২১টি গবেষণা প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মাঠপর্যায়ে ব্যবহারের উপযোগী চারটি মৎস্য প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
সম্প্রতি মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ লাভ করেন।
প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
অধ্যাপক রফিকুল ইসলাম সরদারের নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
