ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ী এলাকায় অবৈধভাবে সার মজুদ ও কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে মেসার্স মনোয়ারা ট্রেডার্সের সত্ত্বাধিকারী এমদাদ খাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা যায়, খোঁচাবাড়ী বাজারে অসাধু উপায়ে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবসায়ী এমদাদ খাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলমসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় তারা জানান, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি এবং অবৈধভাবে সার মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
