পাবনায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খালেদ আহমেদ, পাবনা প্রতিনিধি:- পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সহস্রাধিক নারী নেতাকর্মী কাঁচা হলুদ রঙের শাড়ি, লাল ওড়না, দলীয় ক্যাপ ও ব্যাজ পরে এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
এ সময় নেতাকর্মীরা ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’, ‘খালেদা জিয়া অমর হোক’, ‘আফরোজা আপা সালাম নিন, মহিলা দলের পক্ষ থেকে’, ‘শিমুল ভাই সালাম নিন, মহিলা দলের পক্ষ থেকেসহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন। এছাড়া ‘মা গো মা আমার খালেদা জিয়া’ গানটি শহরবাসীর হৃদয় ছুঁয়ে যায়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ।
দিনটি উদযাপনে সভানেত্রী পূর্ণিমা ইসলামের নেতৃত্বে সার্বিক সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন পারভীন মুক্তি, পৌর সভানেত্রী ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক বৃষ্টি খাতুন, মহিলা নেতৃ সোহানা শিউলি প্রমুখ।
