মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ডাঃ বাচ্চু

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৫ বার

মো: শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- ​ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। একই দিনে সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে এ পর্যন্ত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে।

​নতুন এই দায়িত্ব পাওয়ার ফলে এখন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি।

​ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ছাত্র রাজনীতি শেষে তিনি পেশাজীবী রাজনীতিতে যুক্ত হন। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাতা সদস্য এবং দীর্ঘ সময় সংগঠনটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

​সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে তিনি ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *