মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৩ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১২ বার
মৌলভীবাজার শহরের পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল রোড এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কোম্পানির আটা, ময়দা ও তেলের ডিলার কর্তৃক মেয়াদোত্তীর্ণ এবং শেষ হওয়ার কাছাকাছি পণ্যের মূল্য মেয়াদের সিল ঘষে তুলে নিজেদের তৈরি নকল সিলের মাধ্যমে নতুন মেয়াদ সংযোজন করে পণ্য সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে জব্দকৃত ১২৭ প্যাকেট আটা ও ময়দা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে পণ্যের মেয়াদ পরিবর্তনে ব্যবহৃত নকল সিলও জব্দ করা হয়।
অপরদিকে, একই দিনে শহরের কুসুমবাগ এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমির নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইনে একটি মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযান দুটিতে দুইজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রচলিত আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *