মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের আওতায় এলো দেবীগঞ্জের তনবীরুজ্জামান উচ্চ বিদ্যালয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৯ বার

মাহমুদ দোলন , পঞ্চগড় প্রতিনিধি:- পঞ্চগড়ের দেবীগঞ্জে ডা. মেজর (অব.) তনবীরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি ও বিভিন্ন ফি-চার্জ অনলাইনে আদায়ের কার্যক্রম চালু করতে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক উদ্ভাবিত ‘Sonali Payment Gateway (SPG)’ এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি ও বিভিন্ন ফি-চার্জ অনলাইনে আদায় করা হবে।

১৯৯৩ সালে প্রতষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় দুইশতজন শিক্ষার্থী অধ্যয়ন করছে। অনলাইনে ফি পরিশোধের সুবিধা চালু হওয়ায় এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ঘরে বসেই বিদ্যালয়ের বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) একেএম মতিয়ার রহমান এবং বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক আলাকুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের এজিএম আনিসুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই শাখার কর্মকর্তা রাশেদ মোশাররফ।

ডিজিএম একেএম মতিয়ার রহমান বলেন, ‘সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি)’ চালুর ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা ঘরে বসেই অনলাইনে বিদ্যালয়ের বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি-চার্জ পরিশোধ করতে পারবেন। এতে বিদ্যালয়ে এসে ফি জমা দেওয়ার প্রয়োজন কমবে এবং সময় ও শ্রম সাশ্রয় হবে। অনলাইন লেনদেনের মাধ্যমে প্রতিটি ফি পরিশোধের তথ্য সংরক্ষিত থাকায় হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে আরও আধুনিক ও সহজ করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসময় প্রধান শিক্ষক আলাকুল ইসলাম বলেন, অনলাইনে ফি আদায়ের ব্যবস্থা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ে এসে বেতন বা অন্যান্য ফি জমা দেওয়ার বিড়ম্বনা কমবে। ঘরে বসে সহজে বিভিন্ন ফি পরিশোধ করা যাবে। এতে সময় ও যাতায়াতের খরচ সাশ্রয়ের পাশাপাশি ফি আদায় ও হিসাব সংরক্ষণে স্বচ্ছতা বাড়বে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *