শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজন গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৮নং রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হরিণছড়া চা বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), গাড়ো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭) এবং স্টাফ লাইনের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. নুর হোসেন (২৯)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া চা বাগানের বাসিন্দা জমির মিয়ার বসতঘরে বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পরে জমির মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া একটি সাদা প্লাস্টিকের ব্যাগে থাকা ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে মদগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত জমির মিয়া, জিলু মিয়া ও মো. নুর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে থানার এসআই সজীব চৌধুরীর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
