মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকেই বেছে নিল বিএনপি

রবিবার, ৯ আগস্ট ২০২৬ পঠিত: ৩০ বার

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এর মধ্য দিয়ে দেশের আগামী রাষ্ট্রপতি হওয়ার পথে অনেকটা নিশ্চিতভাবেই এগিয়ে গেলেন তিনি।

রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন এ তথ্য। ওই নেতা বলেছেন, মির্জা ফখরুলের নাম চূড়ান্তের বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অবশ্য, বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগের পর তারা বলছেন, প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত এককভাবে তারেক রহমানের ওপর নির্ভর করছে এবং তারা আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্তের কথা জানেন না।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বিএনপি। রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেয় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া অনেকটা নিশ্চিত।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

তবে, মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *