আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই পক্ষকালব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন ব্যাপক কর্মসূচি থাকবে।
তা ছাড়া তরুণ প্রজন্মকে রাসুল (সা.)-এর জীবনাদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য থাকছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ ওয়াজ-নসিহত করবেন। এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
এসব আয়োজনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের এই জ্ঞানগর্ভ অনুষ্ঠান ও বইমেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। সূত্র-কালেরকণ্ঠ
