মূল কন্টেন্টে যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

পুলিশে ১৪, ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ পঠিত: ২৮ বার

বাংলাদেশ পুলিশে নতুন করে ১০ হাজার কনস্টেবল ৪ হাজার নিরস্ত্র এসআই ও ৪০০ জন সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে বর্তমান সরকার নতুন করে ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃজন ছাড়াও ৪০০ সার্জেন্ট পদ ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। এ পদগুলো তৈরি হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে। এ ছাড়া আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ডেভেলপড্‌ অ্যান্ড অর্গানুগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্যে ক্রয়পূর্বক পূরণ করা হবে।

পুলিশকে নৈতিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, এরকম একটি সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য মো. নুরুল আমিন। এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি বৃহৎ বিষয়। প্রতিটি একাডেমিতে প্রিয়ডিকালি পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানেই নৈতিক, শারীরিক এবং বিভিন্ন একাডেমিক প্রশিক্ষণ হয়। এটি প্রচলিত পদ্ধতি। আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য আপাতত বর্তমান সরকারের কোনো পরিকল্পনা নেই।

গত ৬ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ঢালাওভাবে বক্তব্য দিলে হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ কোনো অভিযোগ বা বক্তব্য সংসদে তুলে ধরা হলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনা বা তথ্য থাকলে তা সরকারের নজরে আনতে হবে। প্রমাণসহ বিষয়টি উপস্থাপন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *