মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, যারা দায়িত্বে

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৬ বার

জাতীয় সংসদে স্থায়ী কমিটির আরও ১০টি গঠন ও একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে ঘোষিত ১০টি কমিটির কোনো একটিরও সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সভাপতি করা হয়েছে।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সংসদ-সম্পর্কিত কমিটি রয়েছে ১১টি। এ পর্যন্ত ৩৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি ৩০টি।

বাকি ছয়টি কমিটির মধ্যে শুধু সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দলের একজন সদস্যকে।

রোববার (৬ সেপ্টেম্বর) ঘোষিত ১০টি কমিটির সভাপতিরা হলেন—খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে আবদুস সালাম পিন্টু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে আবুল খায়ের ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে মুন্সী রফিকুল আলম।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে এ কে এম সেলিম রেজা হাবিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে শামছুর রহমান শিমুল বিশ্বাস, নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে জয়নুল আবদিন ফারুক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে খায়রুল কবির খোকনকে সভাপতি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন মাহমুদা হাবীবা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে বরকত উল্লাহ বুলু এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সভাপতি করা হয়েছে।

এদিকে, কমিটি গঠনের তালিকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নাম থাকলেও সেটি পরে গঠন করা হবে বলে স্পিকারকে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *