মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক খলিলুর রহমানের

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ২২ বার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাক্কালে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তুতি, অধিবেশনের কার্যক্রম এবং পারস্পরিক অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বর্তমান বিশ্বের নানা সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়েও উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের আগে সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বকে দেশের জন্য উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমানকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে অধিবেশন পরিচালনা করতে হবে।

প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি এই মর্যাদাপূর্ণ পদে আসীন হচ্ছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *